দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এমন কোনো অঞ্চলে ইরানকে তেল বিক্রি করতে বাধা দেওয়া হলে সেখানে অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না।
আজ সংসদের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ইরানের আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের শহীদদের স্মরণ করেন গালিবাফ। একই সঙ্গে ১২ ও ৪০ দিনের যুদ্ধে নিহত শহীদদের, বিশেষ করে নিরাপত্তারক্ষীদের মধ্যে নিহতদেরও স্মরণ করেন তিনি।
গালিবাফ বলেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আর আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’
এ সময় লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সাবেক মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নাম ও স্মৃতিও স্মরণ করেন তিনি। নাসরুল্লাহর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে গালিবাফ বলেন, নাসরুল্লাহ হিজবুল্লাহকে একটি গেরিলা সংগঠন থেকে প্রতিরোধক্ষম শক্তিতে পরিণত করেছিলেন। এর মাধ্যমে তিনি অঞ্চলের নিরাপত্তার সমীকরণ নতুনভাবে নির্ধারণ করেছিলেন।
গালিবাফ বলেন, প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদের সরিয়ে দিয়ে লেবাননে এই আন্দোলন থামানো যাবে বলে শত্রুরা মনে করেছিল। কিন্তু গত দুই বছরের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ দেখিয়েছে, প্রতিরোধ কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। বরং এমন একটি কাঠামো গড়ে উঠেছে, যা যেকোনো পরিস্থিতিতে শত্রুকে অচলাবস্থা ও হতাশার দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের শত্রু ও স্বাধীনতাকামী মানুষ দেখেছে, প্রতিরোধ আন্দোলনের শহীদ কমান্ডারদের পবিত্র রক্ত এই আন্দোলনকে আরও জীবন্ত ও শক্তিশালী করেছে।
যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি নিয়ে করা দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে গালিবাফ বলেন, যেকোনো আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত ও কঠোর।
যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ প্রয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের বুঝতে হবে, সভ্য একটি জাতিকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে ধ্বংস করার যুগ শেষ হয়েছে। হোয়াইট হাউসের নেতাদের উপলব্ধি করতে হবে, ইরানের সাহসী ও ইতিহাস সৃষ্টিকারী জনগণ কোনো ধরনের হুমকি, বক্তব্য, আকাশপথে অবরোধ বা বাণিজ্যিক অবরোধের মুখে পিছু হটবে না।
গালিবাফ বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে কঠোর, দ্রুত ও সুনির্দিষ্ট।
তিনি আবারও বলেন, কোনো অঞ্চলে ইরানকে তেল বিক্রি থেকে বাধা দেওয়া হলে সেখানে অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। আর ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে ওই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
/অ